অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নতুন টুর্নামেন্ট চট্টগ্রামে

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) মতো অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে একটি লংগার ভার্সনের টুর্নামেন্টের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ অক্টোবর চট্টগ্রামে শুরু হতে পারে এ টুর্নামেন্ট। শনিবার মিরপুর স্টেডিয়ামে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, জাতীয় লীগ শেষ হলে আমাদের বিপিএল আছে। এরপর এ মাসের ২৪ তারিখ থেকে প্রথমবারের মতো আমরা চট্টগ্রামে অনূর্ধ্ব-১৯ দলের লংগার ভার্সনের একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এটা বিসিএলের মতোই। আট বিভাগকে আমরা চারটি অঞ্চলে ভাগ করে দল গঠন করব। বিসিএলের মতো যুবাদের এ টুর্নামেন্টও কি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হবে? জানতে চাইলে আকরাম বলেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করার চেষ্টা করছি। এবার না পেলেও পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজি পাব। এখনও ৫০ ভাগ সম্ভাবনা আছে স্পন্সর পাওয়ার। অস্ট্রেলিয়া না আসায় অনেকেই ধারণা করছেন বিপিএলে বিদেশী খেলোয়াড় আনতে অসুবিধা হবে। সাবেক এ অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়া যে কারণ দেখিয়ে আসেনি সেটা অবাক হওয়ার মতোই। তবে বিপিএল খেলোয়াড় আনতে কোনো সমস্যা হবে না। অস্ট্রেলিয়া সিরিজ না হলেও খেলোয়াড়রা ব্যস্ত থাকবেন বলে মনে করেন আকরাম। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা হচ্ছে না, কিন্তু এরপর জিম্বাবুয়ে আসছে। তার আগে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকবে ক্রিকেটাররা। জাতীয় লীগের পরই বিপিএল শুরু হবে। তারপর বিসিএল, ঢাকা প্রিমিয়ার লীগ। সবাই খেলার মধ্যেই থাকবে। এদিকে অস্ট্রেলিয়া না আসায় বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হয়েছে বলে জানান আকরাম। তিনি বলেন, অস্ট্রেলিয়া না আসায় খুব খারাপ হয়েছে। বাংলাদেশ ওয়ানডেতে অনেক ভালো করছিল। টেস্টেও ভালো করতে শুরু করেছে। অস্ট্রেলিয়া আমাদের চেয়ে অনেক ভালো দল। কিন্তু এ মুহূর্তে আমাদের ভালো করার একটা সুযোগ ছিল। টেস্টে ভালো করলে বাংলাদেশের ক্রিকেটের অবস্থান আরও ভালো হতো। ভবিষ্যতে আমরা আরও বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম।

0 Comment "অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নতুন টুর্নামেন্ট চট্টগ্রামে"

একটি মন্তব্য পোস্ট করুন