লড়ে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

২২৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পরেও কর্ণাটকের সংগ্রহ ২৮৭! শিশির ভাবানে আর জগদীশ সূচিতের পর ব্যাট হাতে লড়লেন উদিত প্যাটেল। তাঁর বীরোচিত ৪০ রানের ওপর ভর করেই বাংলাদেশ ‘এ’ দলকে বড় ব্যবধানে পেছনে ফেলেছে কর্ণাটক।
প্রথম ইনিংসে কর্ণাটক এগিয়ে ছিল ১২৯ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ এই ঘাটতি নামিয়েছে ৯৩ রানে। এই সময় পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৬ রান।
কর্ণাটকের ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিয়েছিলেন বাংলাদেশের দুই স্পিনার শুভাগত হোম চৌধুরী আর সাকলাইন সজীব। দুজনেই তুলে নিয়েছেন ৪টি করে উইকেট। অপর দুটি উইকেট গেছে আল আমিন হোসেন ও জুবায়ের হোসেনের ঝুলিতে। প্রথম ইনিংসে লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ৫০ রান। ছবি: বিসিবির সৌজন্যে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ হারিয়েছে রনি তালুকদারের উইকেট। তিনি ব্যক্তিগত ১৫ রানে সূচিতের বলে সম্রাটের হাতে ধরা পড়েন। রনির উদ্বোধনী সহযোগী এনামুল হক অপরাজিত আছেন ১৫ রানে। ব্যক্তিগত ৬ রান নিয়ে এই মুহূর্তে এনামুলের সঙ্গে জুটি বেঁধেছেন অধিনায়ক মুমিনুল হক।
মঙ্গলবার ম্যাচের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস শেষ হয় ১৫৮ রানে। লিটন দাসের ৫০ আর শুভাগত হোমের ৫৫ রানের দুটি ইনিংসই পথ দেখিয়েছিল বাংলাদেশকে।
মামুলি রান পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল কিন্তু খুব খারাপ করেনি। ১০০ রানের মধ্যেই কর্ণাটকের ৬ উইকেট ফেলে দিয়ে ম্যাচে প্রায় ফিরেই এসেছিল মুমিনুল হকের দল। কিন্তু সপ্তম উইকেটে ভাবানে আর সূচিত যুগলই ভাঙনের হাত থেকে রক্ষা করেন কর্ণাটককে। ভাবানের ব্যাট থেকে আসে ৮৮ রান। সূচিত করেন ৪১। সূত্র: ক্রিকইনফো।

0 Comment "লড়ে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল"

একটি মন্তব্য পোস্ট করুন