ফেদেরারকে হারিয়ে জকোভিচের শেষ হাসি

রজার ফেদেরারকে হারিয়ে চলতি বছরের তৃতীয় শিরোপা ঘরে তুললেন নোভাক জকোভিচ। রোববার ইউএস ওপেনের ফাইনালে সাবেক নাম্বার ওয়ান ফেদেরারকে হারিয়ে ক্যারিয়ারের ১০তম গ্র্যান্ড-স্লামের শিরোপা জয় করেন এই সার্বিয়ান তারকা।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোয় ফেদেরার ও জকোভিচের মধ্যকার ফাইনাল শুরু হয়। রোমাঞ্চকর লড়াই শেষে সুইস তারকা ফেদেরারকে ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতলেন সার্ব তারকা জকোভিচ। এর আগে ২০১১ সালেও তিনি এই শিরোপা জয় করেন।
জকোভিচের কারণে ফাইনালে হারের ফলে ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী তারকা হিসেবে ইউএস শিরোপা জয়ের রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছেন রজার ফেদেরার। ক্যারিয়ারে রেকর্ড ১৭টি শিরোপা জেতা ফেদেরার সর্বশেষ ২০১২ সালে উইম্বলডন ওপেনের শিরোপা জেতেন। টানা তিন বছর মেজর কোনো শিরোপা জয় ছাড়াই টেনিস কোর্টে সময় কাটছে এই সুইস তারকার।
রোববার ফ্লাশিং মিডোয় অনুষ্ঠিত ফাইনালে ৩ ঘণ্টা ২৮ মিনিটের লড়াই শেষে ফেদেরারকে পরাজিত করে শেষ হাসি হাসেন নোভাক জকোভিচ। প্রথম সেটে ফেদেরার ৬-৪ গেমে পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান এই সুইস তারকা। দ্বিতীয় সেটটি ফেদেরার ৭-৫ গেমে। তবে তৃতীয় ও চতুর্থ সেটে আর পেরে উঠেননি নাম্বার ওয়ান জকোভিচের কাছে। তৃতীয় ও চতুর্থ সেট সমান ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন সার্বিয়ান তারকা  জকোভিচ।
ফেদেরারের কোচের সঙ্গে তার স্ত্রী মিরকা ফেদেরার
ফ্লাশিং মিডোয় রোববারের ফাইনাল দেখতে ডেভিড বেকহাম, লিওনার্দো ডি ক্যাপ্রিও, হিউ জ্যাকম্যান, আদ্রিয়ান ব্রডি, ব্রাডলি কুপার ও সিন কনেরির মতো জনপ্রিয় ব্যক্তিরা গ্যালারিতে উপস্থিত ছিলেন। এছাড়া জকোভিচ ও ফেদেরারকে উৎসাহ দিতে তাদের স্ত্রী জেলেনা জকোভিচ ও মিরকা ফেদেরারও ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন।
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন শিরোপা জেতার পর রোববার ইউএস ওপেনের শিরোপা ঘরে তুললেন নোভাক জকোভিচ। এছাড়া ফরাসি ওপেনের ফাইনালে উঠলেও সেবার স্তান ভাভরিঙ্কার কাছে হেরে যান তিনি। এর আগে ২০১১ সালেও তিনটি গ্র্যান্ড-স্লাম শিরোপা জয় করেন এই সার্বিয়ান তারকা।
এর আগে ২০১১ সালেও তিনটি গ্র্যান্ড-স্লাম জয় করেছিলেন নোভাক জকোভিচ। তবে চলতি বছরটিকেই এগিয়ে রাখলেন তিনি, ‘অসাধারণ একটি মৌসুম কাটলো। ২০১১ সালের পর এটি আমার ক্যারিয়ারের সেরা সময়। আগের বছরের চেয়ে (২০১১) চলতি চলতি বছরটি আমি বেশি উপভোগ করছি। কেননা, আমি একজন স্বামী এবং একজন বাবা। আর এই ব্যাপারটি আমার সুসময়কে আরো মধুর করে তুলেছে।’
জকোভিচের স্ত্রী জেলেনা জকোভিচ
পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার ২০০৯ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠে হেরে গেলেন। তবে সমর্থকদের উদ্দেশ্যে তার বলা উক্তি সবার মধ্যে প্রাণ সঞ্চার করেছে। ফাইনাল শেষে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি বলেন, ‘আগামী বছর আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’

0 Comment "ফেদেরারকে হারিয়ে জকোভিচের শেষ হাসি"

একটি মন্তব্য পোস্ট করুন